নিজস্ব প্রতিবেদক :
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব।
শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথ টানার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এই বর্ণাঢ্য ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এর আগে গত ১৬ জুলাই বিশ্বরূপ মডেল মন্দিরে পূজার্চনার মধ্য দিয়ে মহোৎসবের সূচনা হয়েছিল। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, 'জগৎ' অর্থ বিশ্ব এবং 'নাথ' অর্থ ঈশ্বর; অর্থাৎ জগন্নাথ হলেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ লাভের আশায় প্রতিবছর রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা স্থাপন করে রথযাত্রা উদ্যাপন করেন ভক্তরা।
বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া গ্রামস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে ‘জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদ’-এর উদ্যোগে এবং মন্দিরের সভাপতি অরুন চন্দ্র নাথ ও মহাসচিব অজয় কান্তি দে’র নেতৃত্বে টানা পঞ্চমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামস্থ শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়া, খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামস্থ শ্রীশ্রী নরশিংহ লাল জিউর আখড়া এবং বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর রথ বাড়িতেও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদ্যাপিত হয়।
উৎসবকে কেন্দ্র করে উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। পৌর শহরে রথ পরিক্রমাকালে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, স্থানীয় সনাতনী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0 Comments