ডেস্ক রিপোর্ট : সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে যেভাবে জনগণ ক্ষমতা থেকে সরিয়েছে, বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদী শাসন কায়েমের চেষ্টা করে, জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।


শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।


ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাই এখন আর কোনো টালবাহানা নয়, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি দাবি করেন, জনগণের দেওয়া এই রায়কে কোনোভাবেই অসম্মান করা যাবে না।


বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারও আওয়ামী লীগের মতো দলীয়করণ ও দুর্নীতির পথে হাঁটছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ আর কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেবে না। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমেই জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা হবে।


সবশেষে তিনি শহীদদের আত্মত্যাগ ও জুলাই আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।