বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। আটক রুহুল আমিন (৩৮) উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের চন্দ্র গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র।
শুক্রবার (১৯ জুন) বিকেলে বিশ্বনাথ থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে রুহুল আমিন কে স্থানীয় প্রীতিগঞ্জ বাজার এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।
বিশ্বনাথ থানার মামলা সূত্রে জানা গেছে, জমিজমা বিষয়ে সৎভাই নুরুল ইসলাম ও রুহুল আমিনের পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
১৪ জুন গাছ কর্তন নিয়ে রুহুল আমিন এর সাথে সৎভাইয়ের স্ত্রী সুহেলা বেগম এর মারামারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সৎভাই নুরুল ইসলামের স্ত্রী সুহেলা বেগম বাদী হয়ে ১৫ই জুন বিশ্বনাথ থানায় ৩ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩, তাং ১৫/০৬/২০২৬ ইং।
মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, রুহুল আমিনের আরেক সৎ ভাই নুরুল আমিন (৪০), পিতা-মৃত রহমান আলী ও ভাবী রাহেনা বেগম (৩৮)।
রুহুল আমিন কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া। তিনি জানান, মামলার প্রেক্ষিতে ১ নং অভিযুক্ত হিসেবে আটক করা হয়েছে। আগামীকাল আইনানুগ প্রক্রিয়ায় তাকে কোর্টে পাঠানো হবে।

0 Comments