বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে ব্রাজিল সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মোটরসাইকেল শোভাযাত্রা। শুক্রবার (১৯ জুন) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে এই বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা চলাকালে বিশ্বনাথ পৌর এলাকা জুড়ে এক উৎসবমুখর আবহের সৃষ্টি হয়। অংশগ্রহণকারী ফুটবল প্রেমীরা প্রিয় দল ব্রাজিলের জার্সি পরিধান করে এবং বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা হাতে নিয়ে প্রিয় দলের প্রতি তাদের গভীর ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। পুরো শহর যেন মুহূর্তেই হলুদ-সবুজ রঙে রঙিন হয়ে ওঠে।
শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক জুবায়ের আহমদ ও মাজহারুল ইসলাম সাব্বির বলেন, নিজের সমর্থিত দলের সমর্থকদের নিয়ে এই শোভাযাত্রা ঐক্যের, ভ্রাতৃত্বের, সৌহার্দের, সম্প্রীতির বন্ধন ফুটে উঠেছে। এই সম্প্রীতি ধরে রেখে আমাদেরকে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করছি, বিশ্বকাপে ব্রাজিল দারুণ নৈপুণ্য প্রদর্শন করে আমাদের জয় উপহার দেবে। আমরা ফুটবল বিশ্বকাপসহ ব্রাজিলের প্রতিটি বড় ম্যাচ নিয়ে উদ্দীপ্ত থাকি। প্রিয় দলকে সমর্থন জানাতে আজ বিশ্বনাথের সমর্থকরা এক হয়েছেন। জয় আমাদের প্রত্যাশা।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এসকে শাহিন, হোসাইন আহমদ, শেখ সোহাগ, ইয়াসিন আরাফাত, সাইয়েম আহমদ, রুহুল আমিন সহ আরও অনেকে।
শোভাযাত্রা আয়োজনে প্রবাসী পৃষ্ঠপোষকতা করেছেন জাকারিয়া আহমদ, শাকিল খান, ফজলুর রহমান লিটন, জুয়েল আহমদ, রাজা।

0 Comments