বিশ্বনাথ প্রতিনিধিঃ


সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সংগঠন 'বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব'-এর সদস্য নির্বাচিত হয়েছেন পাক্ষিক বিশ্বনাথ বার্তার স্টাফ রিপোর্টার এস.এ. সাজু।

এস.এ. সাজু বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ মসুলা (জানাইয়া) গ্রামের বাসিন্দা। শৈশব থেকেই তিনি এলাকায় একজন পরিশ্রমী, সৎ ও দায়িত্বশীল তরুণ হিসেবে সুপরিচিত। সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে বাসিয়া নদী রক্ষার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থেকে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে নিজের অনুভূতি প্রকাশ করে এস.এ. সাজু বলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মতো একটি সম্মানজনক সাংবাদিক সংগঠনের সদস্য হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মাটি ও মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে, এস.এ. সাজু বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ তাকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, এস.এ. সাজু একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী ও সংগঠক। তাঁর এই অন্তর্ভুক্তি সংগঠনকে আরও গতিশীল করবে। নেতৃবৃন্দ তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।