বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে ফারজানা খাতুন নামের ৫ বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার টিএন্ডটি রোড সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ফারজানা খাতুন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ভাতেরটেক গ্রামের রুবেল মিয়ার মেয়ে। রুবেল মিয়া দীর্ঘ দিন ধরে বিশ্বনাথ নতুন বাজার টিএন্ডটি রোডের আছকির মিয়ার কলোনীতে সপরিবারে বসবাস করে আসছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে কোনো এক সময় ফারজানা পরিবারের অগোচরে কলোনীর পাশের মুফতিরগাঁও গ্রামের কালা মিয়ার পুকুরে পড়ে যায়। পরে তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুজির পর পুকুরের পানিতে ফারজানার নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করা হলে দেখা যায় সে আর বেঁচে নেই। পানি থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিশুর পিতা রুবেল মিয়া।
বিশ্বনাথ থানার এসআই স্বপন কুমার পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্বনাথ থানা অফিসার ইন-র্চাজ (ওসি) গাজী মাহবুবুর রহমান।

0 Comments