বিশ্বনাথ প্রতিনিধি : 


যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ পালন করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়।


এরপর ৩১ বার তোপধ্বনির প্রদানের পর সকাল ৬টা থেকে পৌর শহরের উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও সংগঠনের পক্ষ থেকে অর্পণ করা শ্রদ্ধাঞ্জলি। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা’সহ নানান অনুষ্ঠানের।


স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।


উপজেলা পরিষদ প্রাঙ্গনে সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করা হয়। কুচকাওয়াজে অংশগ্রহন করেন পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সকাল ১১টায় ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের’ সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলছুম রুবির সভাপতিত্বে এবং প্রৌকশলী আবু সাইদের পরিচালনায় ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের’ সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমান, বিশ্বনাথ থানা অফিসার ইনর্চাজ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।


এরপর বাদ জোহর উপজেলা মডেল মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।