নিজস্ব প্রতিবেদক : সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে সিলেটের বিশ্বনাথ পৌর শহরে ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা ক্যাম্পেইন ও বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।


বুধবার (৭ অক্টোবর) দুপুরে ট্রাফিক পুলিশের একটি টিম পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি সড়কে যানজট সৃষ্টিকারী অবৈধ পার্কিং অপসারণ এবং ফুটপাত দখলমুক্ত করতে বিভিন্ন হকার উচ্ছেদ করা হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌর শহরের বিভিন্ন পয়েন্টে প্রায়ই অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের কারণে জনভোগান্তি ও তীব্র যানজটের সৃষ্টি হতো। সাধারণ মানুষের চলাচল সহজ করতে এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে পৌর শহরের সাধারণ ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন।


অভিযানকালে ট্রাফিক পুলিশের টিআই ইমরানুল হক মৃধা বলেন, সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন ও অভিযান অব্যাহত থাকবে।