বিশ্বনাথ প্রতিনিধি : দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় সর্বোচ্চ প্রকোপ সৃষ্টি হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, "তিন মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে।"

তিনি আরও বলেন, "দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই অভিযান চলবে। স্থানীয় বাজার, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা আঙিনায় জমে থাকা ময়লা-আবর্জনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে। তবেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমিয়ে আনা সম্ভব।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—বিশ্বনাথ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, অলংকারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ ও কাওছার খানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষার্থীবৃন্দ।