বিশ্বনাথ প্রতিনিধি:
“রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’র উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
এর আগে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ও জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন কমিটির আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে এ খাত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদ বিন কাশেমের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলমগীর এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা ফুলরানী ভট্টাচার্য এবং সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (আ.দা.) স্বপন কুমার ধর।
অনুষ্ঠানে মৎস্য চাষে সফল উদ্যোক্তা হিসেবে দেওকলস ইউনিয়নের আবু বক্কর এবং শুঁটকি উৎপাদনে সফল উদ্যোক্তা হিসেবে লামাকাজী ইউনিয়নের জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

0 Comments