বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে ছাগল চুরির মামলায় ছাগল ও চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পুষণী গুচ্ছগ্রামের বাসিন্দা আবারক (৪০) এবং দ্বীপবন্দ বিলপাড় গ্রামের মনু মিয়ার ছেলে কাহার (২৫)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে জয়নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের প্রায় ১৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
একই দিন বিকেলে জালালাবাদ থানা এলাকায় স্থানীয় জনতা তাদের সন্দেহজনকভাবে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে শুক্রবার রাতে ছাগলের মালিক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি চুরি মামলা (মামলা নং- ১১) দায়ের করলে জালালাবাদ থানা পুলিশ আসামিদের বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বিশ্বনাথ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি যাওয়া ছাগল উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 Comments