বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাধে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মাদক শুধু বিশ্বনাথের সমস্যা নয়, এটি সারাদেশের একটি সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। দ্রুত মাদকের বিস্তার রোধ না করা হলে মারত্নকভাবে ক্ষতিগ্রস্থ হবে যুবসমাজ। তাই কোন প্রকারের তদবিরে কান না দিয়ে বিশ্বনাথে থাকা ছোট-বড় সকল প্রকারের মাদককারবারিদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে পুলিশকে। পুলিশ চাইলে মাদক কারবারিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে পারবে। আর মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের গাফিলতি হলে তা মেনে নেওয়া হবে না, এটা পুলিশ’সহ আইন শৃঙ্খলা বাহিনীকে মনে রাখতে হবে। আর মাদকের সাথে জড়িতদের পক্ষে কেউ তদবির করতে আসলে দ্রুতই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।

তিনি বুধবার (১২ আগস্ট) আড়াইটার দিকে সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই নির্দেশনাগুলো দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি আরোও বলেন, উপজেলায় কোথাও নতুন করে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না। যদি কেউ সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে, তাহলে তা সঙ্গে সঙ্গেই উচ্ছেদ করে সরকারি ভূমি উদ্ধার করতে হবে। মনে রাখতে হবে মাদকের সাথে জড়িতদের মতোই দখলদারের সঙ্গে কোনো আপোষ চলবে না। আর উপজেলায় ফুটবল খেলার ইনডোর রয়েছে সেগুলো রাত ১০টার মধ্যে বন্ধ রাখতে হবে। আর অযথা কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না, এব্যাপারে পুলিশকে শতভাগ সর্তক থাকতে হবে।  সভায় বক্তারা বলেন, বেশ কিছু দিন ধরে উপজেলায় বিদ্যুৎ নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদেরকে। একদিকে মানুষ জন বিদ্যুৎ পাচ্ছেন না, অন্যদিকে বিদ্যুৎ না থাকলেও মাস শেষে অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে। কিন্তু প্রতিদিনই লাইনে কাজ চলমান থাকলে গ্রাহক সেবা পাবে কবে? এমন অযুহাত মানতে চায়না বিশ্বনাথ উপজেলাবাসী। বিদ্যুতের সমস্যা অতিসত্বর সমাধান করতে হবে।

বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েস্তা মিযা।