​বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানকালে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


​২১জুলাই (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


​জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ পুরান বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় জাহিদ স্টোরের গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধ ৫০ কেজি কারেন্ট জাল এবং ক্ষতিকারক চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়। আইন অমান্য করে এসব অবৈধ জাল মজুদ রাখার দায়ে দোকান মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম।পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা পরিষদ মাঠে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণিজ সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। মৎস্য সম্পদ সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


​অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধরসহ প্রশাসনিক ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।