বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে এই রথ উৎসব উদযাপিত হয়।
আজ ১৬ই জুলাই(বৃহস্পতিবার) বিকেলে বিশ্বনাথ উপজেলার মদনপুর শ্রী শ্রী নৃসিংহ জিউ ও জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।
রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয় বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতা।
এর মধ্যে ছিল মঙ্গলারতি,ভাগবত পাঠ, কীর্তন, বিশেষ পূজা এবং বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
রথশোভাযাত্রায় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু পরম শ্রদ্ধায় রথের দড়ি টেনে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মহারানিকে মাসির বাড়িতে নিয়ে যান। হরিনাম সংকীর্তন আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এসময় উপস্থিত ছিলেন মন্দিরের প্রধান পুজারী প্রভু চৈতন্য দাস,মন্দিরের সভাপতি সিদ্ধ মাধব দাস,
মন্দিরের সেবায়ীত শ্রী নিকুঞ্জ দাস,স্থানীয় মেম্বার শফিক মিয়া,শংকর চন্দ্র ধর,স্বপন দাস,রঞ্জিত দাস,অলক দেব,মঞ্জু মালাকার,দিলীপ কুমার দেবসহ সর্বস্তরের মানুষ।
উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে প্রশাসন,সাংবাদিক ও স্থানীয় সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক কমিটি।


0 Comments