বিশ্বনাথ প্রতিনিধি:
সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ-এর উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধলিপাড়া গ্রামের দুই অসহায় ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ৪৮৮ ও ৫৩০ নম্বর শেল্টার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুন নুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশ্বনাথ-ওসমানীনগর নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবী রজব আলী, মিয়া মোহাম্মদ সাহেদ, হোসাইন আহমেদ ও কফিল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডস অব সাদাকাহ’র সুপারভাইজার হাবিবুর রহমান আবিদ, সুলতান আহমদ, আতাউর রহমান, জাহাঙ্গীর আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা একটি মহৎ মানবিক দায়িত্ব। সিডস অব সাদাকাহ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে শিক্ষা, মানবিক সহায়তা, আবাসন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ধলিপাড়া গ্রামের দুই গৃহহীন পরিবারের জন্য এই দুটি শেল্টার নির্মাণ করা হয়েছে।
তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ই নিশ্চিত করে না; বরং উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপত্তাবোধ, স্বস্তি ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ৪৮৮ ও ৫৩০ নম্বর শেল্টার প্রজেক্টের উদ্বোধন করেন এবং উপকারভোগী পরিবারগুলোর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

0 Comments