বিশ্বনাথ প্রতিনিধি:
সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র উদ্যোগে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খোজারপাড়া গ্রামের দুই গৃহহীন পরিবারের জন্য নির্মিত ৪৮৪ ও ৪৮৫ নং শেল্টার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও লামাকাজী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ মঈন উদ্দিন, ফয়সল আহমেদ, জুয়েল আহমেদ, মোক্তার হোসাইন ও আব্দুল খালিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডস অব সাদাকাহ’র সুপারভাইজার হাবিবুর রহমান আবিদ, কাওসার আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। সিডস অব সাদাকাহ দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খোজারপাড়া গ্রামের গৃহহীন দুই পরিবারের জন্য এই শেল্টার নির্মাণ করা হয়েছে।
তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু মাথা গোঁজার ঠাঁইই নিশ্চিত করে না, বরং উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপত্তা, স্বস্তি ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে শেল্টার প্রজেক্ট দুটির উদ্বোধন করেন এবং উপকারভোগী পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

0 Comments