বিশ্বনাথ প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের পরিকল্পনার অংশ হচ্ছে দেশকে একটি পরিবর্তনশীল এবং উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা। দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেই কিন্তু বর্তমান বাজেট প্রণয়ন করেছে সরকার। সাধারণ খেটে খাওয়া মানুষের উপর ট্যাক্সের বোঝা না পড়ে সেই দিকটা বিশেষভাবে চিন্তায় রেখে এই বাজেট প্রদান করা হয়েছে। সকলের আন্তরিকতা, স্বদিচ্ছা ও সঠিক বাস্তবায়ন হলে এই বাজেট বাংলাদেশের জন্য একটি পরিবর্তন নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন সিলেট ২- আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা।
শনিবার (১৩ জুন) বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ উপজেলার শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা আনুষ্ঠানিক ভাবে বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন লুনা।
এসময় তিনি আরো বলেন, সমহারে উন্নয়ন পেতে হলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। রাতারাতি পরিবর্তন হয়ে যাবে সেটা তো আসলে সম্ভব নয়। আমাদেরকে সময় দিতে হবে। যে সুবিধা গুলো সতেরো বছরে পাননি তা আমাদের সরকারের তিন-চার মাসে পেতে যাচ্ছেন। সুতরাং আপনাদেরকে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে। আপনারা আমাকে সময় দিন, অধিকাংশ সমস্যা যাতে সমাধান করা যায় সেই লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি। ইতিমধ্যেই চার মাস সময়ের মধ্যে যতগুলো বরাদ্দ এসেছে আমরা চেষ্টা করেছি জনগণের কাছে সেটা সঠিকভাবে পৌঁছে দেওয়ার। যতগুলো রাস্তাঘাট, যতটা প্রয়োজন আমরা করে যাব ইনশাআল্লাহ। ইলিয়াস আলীর জনপ্রিয়তায় আপনার আমাকে ভোট দিয়েছেন, অবশ্যই আমি আপনাদের পাশে আছি।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খাঁনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং প্রাকৃতির দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় জনগণকে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মাহবুব আলী জহির, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনায়েম খান, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন,উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান,উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
নগদ সহায়তা বিতরণ শেষে উপজেলার রামপাশা ইউনিয়নে সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত রামপাশা আরএইচডি- রামপাশা বৈরাগী বাজার জিসি রোড মেরামত কাজ সম্পন্ন শেষে (চেইনেজ ০-১৯৩৫ মিটার) শুভ উদ্বোধন করেন।
এছাড়া, দেওকলস ইউনিয়নের বাগিচা বাজার টু গোদামঘাট পাকা রাস্তা সংস্কার শেষে শুভ উদ্বোধন করা হয়।

0 Comments