বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথে প্রসূতি ও মহিলাদের বিনামূল্যে  আধুনিক চিকিৎসা সেবার লক্ষ্যে নির্মাণাধীন মেটারনিটি হাসপাতালের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।প্রায় আট হাজার স্কয়ার ফিটের নির্মিত ভবনটি চ্যারিটি সংস্থা 'মুসলিম হেল্প'এর অর্থায়নে ও ব্যবস্থাপনায় বাস্তবায়িত হচ্ছে।

৩০মে(শনিবার)স্থানীয় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে হাসপাতালের ভবনের কাজের অগ্রগতি তুলে ধরে কথা বলেন মুসলিম হেল্প ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃআব্দুছ ছোবহান।

সাংবাদিকসহ দেশ ও প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,মেটারনিটি হাসপাতাল মফস্বলের প্রসূতি মহিলাদের বিনামূল্যে সেবা প্রদানের জন্য নির্মিত হচ্ছে।সম্প্রতি দ্বিতীয় তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।পাশাপাশি এখানে নার্সিং কলেজ করারও পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। উন্নত চিকিৎসা দিতে নারী পুরুষ সকলের জন্য সকল ধরনের সেবা সূলভমূল্যে থাকবে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম থেকেই প্রাথমিক সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় পর্যায় এবং প্রবাস থেকে বিশিষ্ট দানশীল ব্যক্তিবর্গ ও আজীবন সদস্যরা এই  প্রকল্পের জন্য  নিয়মিত আর্থিক সহযোগিতাও দিয়ে যাচ্ছেন।এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। 

তিনি দেশ ও প্রবাসের সবাইকে সার্বিক সহযোগিতা ও যারা ট্রাস্টি হতে ইচ্ছুক তাদেরকে এই মানবিক কাজে শরিক হওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:শাহিন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য সালেক উদ্দিন,শফিকুল ইসলাম শফিক,মিডিয়াকর্মী কর্মকার বিজয় ও প্রমুখ।