বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামে অস্থায়ী বসবাসকারী জুবেল-আজাদ গংদের সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকাবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ, বানোয়াট ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।


শনিবার (১৬ মে) দুপুরে স্থানীয় আরশ আলীর বাড়িতে গ্রামের বিশিষ্ট মুরব্বি নুরুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা অভিযোগ করে বলেন, বিগত কয়েক বছর যাবত জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি থেকে বিতাড়িত জুবেল-আজাদ গং কয়েকটি পরিবার এই এলাকায় এসে বসতবাড়ি করে বসবাস করছে। 


তারা এলাকায় আসার পর থেকে তাদের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী। তাঁরা গ্রামে আসার পর থেকে এলাকায় গরু চুরি, মসজিদে চুরি, মাদক ব্যবসা, এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার, সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ, রাস্তাঘাটে সাধারণ মানুষকে হেনস্তা করা, গ্রামের মহিলাদের উত্যক্ত করাসহ নানা কর্মকান্ড করে যাচ্ছে। 


এমনকি চাউলধনী হাওরের পার দিয়ে মানুষের হাওরে যাতায়াতের রাস্তায় টিনের বেড়া দিয়ে হাসের ফার্ম করে কৃষকদের যাতায়াত কাজে ব্যাঘাত সৃষ্টি করছে।

তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে অশালীন ভাষায় ভিডিও ও এলাকাবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। অতীতেও এমন অপকর্ম না করার শর্তে কয়েকবার এলাকাবাসীর কাছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে কিন্তু আবার পূর্বের ন্যায় কর্মকান্ড করছে তারা।


গত ১৪ই মে গ্রামের মুরব্বি মশাহিদ আলীর সাথে ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটি হলে জুবেল ক্যান্সার আক্রান্ত ওই ব্যক্তিকে মারধর করে ও হুমকি দেয়। মশাহিদ আলীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গেলে সে পালিয়ে যায় এবং তাকে এলাকাবাসী মারধর করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করে। এই মিথ্যা ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদ জানান এলাকাবাসী।

প্রতিবাদ সভায় আরও বলা হয়, চাউলধনী হাওরের পারসংলগ্ন “কালার চাঁন” গাছ এলাকার পাশে বসবাসকারী বহিরাগত জুবেল-আজাদ গং এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও নানা ধরনের হয়রানির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে ।


বিভিন্ন সময় দেশীয় অস্ত্র প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে তারা। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ঝুঁকি তৈরি হয়েছে। তাদের বিরুদ্ধে বৃহত্তর এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে তাদের সব ধরনের অপপ্রচার ও সহিংস কর্মকাণ্ড রুখে দেওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন।


এসময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, আলহাজ্ব শাহ আব্দুল মজিদ জমির আলী, মো.আরব আলী, মোঃ মশাহিদ আলী, মোঃ আমির আলী, মো.ইরন মিয়া, মো. কবির আলী, মো.নজব আলী, মো.ফারুক মিয়া, মকরম আলী, মসব আলী, দবির মিয়া, কবির মিয়া, আব্দুল আহাদ, মাহবুব আহমদ মাখন, তাজ উদ্দিন, জামাল আহমদ,শিপন মিয়া, জাহির আলী,সফর আলী,আকরম আলী, কামাল আহমদ,এস.পি সেবু,আলী হোসেন প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন ধনপুর গ্রামবাসীসহ বৃহত্তর এলাকার বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এদিকে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করলে শামিম আহমদ জানান,৭/৮ বছর যাবত তারা আস্থায়ী বাসিন্দা হিসেবে এখানে বসবাস করছেন। তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা। তবে গ্রামবাসীরা যে খালের পারের রাস্তায় ঘরের কথা বলছেন সেটি তারা গ্রামের কয়েকজনের সাথে কথা বলে হাঁসের খামারের জন্য নির্মান করেছেন, সেটা তারা গ্রামবাসী বললে ভেঙে উঠিয়ে নেবেন। তারা তাদের নিরাপত্তার জন্য আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করার কথা জানান।