বিশ্বনাথ প্রতিনিধি:
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি।
ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ‘ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে’ তিন দিনব্যাপী ওই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থাপন করা দুটি স্টলের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে সাধারণ মানুষকে ই-নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন সেবা এবং ভূমি সংক্রান্ত নানা তথ্য ও পরামর্শ প্রদান করা হবে।
তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের প্রধান ফটকের সামন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি। তিনি বলেন, ভূমি সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য এবং হয়রানিমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এই মেলার মাধ্যমে মানুষ ঘরে বসে কিভাবে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে হয়, সে সম্পর্কে সম্যক ধারণা পাবেন।

0 Comments