নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলায় চুরি-ডাকাতি, ছিনতাই, জুয়া ও মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান। সোমবার (৬ এপ্রিল) রাতে থানা কম্পাউন্ডে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
সভায় সভাপতির বক্তব্যে ওসি গাজী মাহবুবুর রহমান অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনাদের জানামতে যারা চুরি-ডাকাতি, ছিনতাই, জুয়া ও মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের তালিকা আমাদের দিন। তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। তিনি আরও বলেন, জনসাধারণের তথ্য ও সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তাই সুন্দর বিশ্বনাথ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
ওসি আরও প্রতিশ্রুতি দেন যে, তথ্য পাওয়ার পর পুলিশ যদি যথাযথ ব্যবস্থা না নেয়, তবে জনগন পুলিশকেই জবাবদিহিতার আওতায় আনতে পারবে।
উক্ত মতবিনিময় সভায় বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্বনাথ নতুন ও পুরাতন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Comments