বিশ্বনাথ প্রতিনিধি:


সাড়ে ৩শত পিস ইয়াবা ও সাড়ে ৭শত গ্রাম গাজা’সহ সিলেটের বিশ্বনাথে পুলিশের খাঁচায় বন্দি হয়েছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল আহমদ (৩৫)। মাদক ব্যবসায়ী ফয়সল উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফয়সলের নিজ বসতঘর থেকে মাদক’সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ফয়সলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরোও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে এএসআই ফুল মিয়া’সহ পুলিশের একটি দল রামচন্দ্রপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী ফয়সল আহমদের নিজ বসতঘরে অভিযান পরিচালনা করেন। এসময় তল্লাসী করে ফয়সলের বসতঘর থেকে পুলিশ সাড়ে ৩শত পিস ইয়াবা ও সাড়ে ৭শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ী ফয়সলকে মাদক’সহ আটক করে থানায় নিয়ে আসার পর তাকে (ফয়সল) অভিযুক্ত করে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে’ বিশ্বনাথ থানার এএসআই ফুল মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৭ (তাং ২৫.০৪.২৬ইং)। এরপর এমামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সাড়ে ৩শত পিস ইয়াবা ও সাড়ে ৭শত গ্রাম গাজা’সহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল আহমদকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ফয়সল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এছাড়াও তার বিরুদ্ধে আরোও একাধিক মামলা রয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।   


বিশ্বনাথে রামধানা গ্রামবাসীর সাথে

চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রামধানা গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী শেখ মুজিবুর রহমান চৌধুরী। রামধানা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহিনুর রহমানের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, রামধানা গ্রামের কৃতিসন্তান ও নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলীর একজন ক্ষুদ্র কর্মী আমি। তিনি বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরে যে বিশাল অবদান রেখেছেন, আমি তাঁর ধুলোর সমানও নই। তবে তাঁর দেখানো আদর্শকে বুকে লালন করেই আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার স্বপ্ন বিশ্বনাথ উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। এজন্য রামধানা গ্রামের’সহ উপজেলার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগীতা, দোয়া ও সমর্থন আমার একান্ত কাম্য।

রামধানা গ্রামের মুরব্বী মৌলানা আশরাফ আলী (রহ.) মাজারের খাদিম আব্দুল হামিদের সভাপতিত্বে ও সংগঠক জসিম উদ্দিন জুনেদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শালীস ব্যক্তিত্ব ইমাম উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রুহেল উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন বিএনপি নেতা ইসলাম উদ্দিন, মাওলানা মমিনুল হক, যুবনেতা জুয়েল মিয়া, তরুণ সংগঠক রাসেল আহমদ।

সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আশরাফ আলী ও স্বাগত বক্তব্য রাখেন লাইসিয়াম স্কুলের সহকারী শিক্ষক ধীরেন্দ্র সরকার। এসময় ছাদেক আলী, আব্দুল হেকিম, আলতাব আলী, ইসলাম উদ্দিন, ওয়াহিদুল ইসলাম, আব্দুল হামিদ, খলকু মিয়া, সাকুল মিয়া, সোহেল আহমদ, রাজন মিয়া প্রমুখ’সহ এলাকায় গন্যমান্য ও বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।