কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।


শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বিজি ৪৩৬ ফ্লাইটটি, যেটি ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ।


বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর। তিনি বলেন, “কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই ফ্লাইটটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম প্রস্তুত রয়েছে।”


তিনি আরও জানান, ফ্লাইটটির জন্য জরুরি অবতরণ (ইমারজেন্সি ল্যান্ডিং) ঘোষণা করা হয়েছে। তবে বিমানের বিশেষজ্ঞদের মতে, পেছনের একটি চাকা না থাকলেও এই ধরনের উড়োজাহাজ নিরাপদভাবে অবতরণ করতে সক্ষম।


ঢাকার বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি ৪৩৬ ফ্লাইটটি বর্তমানে ঢাকার আকাশে অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।


এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে কর্তৃপক্ষ।