বিশ্বনাথ প্রতিনিধি :
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৪ জুলাই) এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেন, বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে। আজ যারা গাছের চারা গ্রহণ করছেন, তারা শুধু একটি চারা নয়, বরং একটি সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বও গ্রহণ করছেন।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সমৃদ্ধ দেশ রেখে যাওয়া আমাদের দায়িত্ব। তাই আমি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং সেটির নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানাই।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা তুলে দেন।
অনুষ্ঠানে বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার এবং বৃক্ষপ্রেমিক ওমরা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 Comments