বিশ্বনাথ প্রতিনিধি:

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে অস্থায়ী পৌর কার্যালয় প্রাঙ্গনে পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডের অসহায়-দরিদ্র ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ওই চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান। এসময় তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই সরকারি নির্দেশনা মোতাবেক ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশ্বনাথ পৌরসভার ১৫শত ৪৯টি পরিবারের সদস্যদের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

ভিজিএফের চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই বাবুল সিং, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যাদব আচার্য্য, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার লোহ তালুকদার, উপ-কর আদায়কারী নাজির হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সদস্য মাওলানা শহিদুর রহমান, সুজিত দেব, পৌর মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার ইয়াসমিন প্রমুখ নেতৃবৃন্দ।