বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ কুখ্যাত ডাকাত সুহেল মিয়া (৪৮) ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আসমান আলীকে (৪০) গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ মার্চ ) তাদের পুলিশ স্কর্টের মাধ্যমে সিলেট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ওসমানীনগর উপজেলার চর ইসবপুর গ্রামের মৃত ইর্শ্বাদ উল্লাহ ছেলে সুহেল মিয়া (৪৮) এবং বিশ্বনাথ পৌরশহরের ছত্তিশ রমজানপুর গ্রামের রইছ আলীর ছেলে আসমান আলী (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় আসমানকে তার বাড়ির পার্শ্ববর্তী একটি জমি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাত ১টার দিকে বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামে অভিযান চালিয়ে সুহেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় সুহেলের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে । (মামলা নং-০৬, তারিখ-১১.০৩.২০২৬) ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত ও কুখ্যাত ডাকাত। এর মধ্যে সুহেল মিয়ার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। অন্যদিকে, আসমান একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি মামলা রয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাদের সিলেট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 Comments