বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সিলেট- ২ (বিশ্বনাথ ওসমানী নগর) আসনের বিশ্বনাথ উপজেলার মোট ৭৪ টি ভোট কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের সকল সরঞ্জামাদী পৌঁছে গেছে কেন্দ্রগুলোতে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাগণ অবস্থান নিয়েছেন নিজ নিজ গন্তব্যে। ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়ে ৭৪ টি ভোট কেন্দ্র প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবি।


সিলেট - ২ আসনে ১২৮ টি ভোট কেন্দ্রের মধ্যে বিশ্বনাথে রয়েছে ৭৪টি ভোট কেন্দ্র। বিশ্বনাথ ও ওসমানী নগর দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৩,৬৮,৯৩২ জন৷ ১,৮৮,৬৭৯ জন পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটার রয়েছে ১,৮০,২৫৩ জন। তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই এই আসনে। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১,৯৩,৬৮২ জন। পুরুষ ৯৮,৫৭৭ জন ও নারী ভোটার ৯৫,১০৫ জন। ভোট প্রয়োগ করতে রাত পোহালেই ভোটাররা যাবেন নিজ-নিজ ভোট কেন্দ্রে। 


বিশ্বনাথে মোট ৭৪ জন প্রিজাইডিং অফিসারের সাথে ৩৭৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভ্রাম্যমাণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম ও যৌথ বাহিনী এক সাথে কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় মাঠে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা।


নির্বাচনী তফশিল ঘোষণার পর প্রচার প্রচারণায় এপর্যন্ত এই আসনে প্রার্থী কিংবা সমর্থকদের মধ্যে কোনো আচরণ বিধি বহির্ভূত কর্মকাণ্ডের ঘটনা ঘটেনি। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা একেবারেই কম। বিএনপির প্রার্থী নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদির লুনার ধানের শীষ প্রতীক ও জামায়াত জোটের প্রার্থী মুনতাসির আলীর দেয়ালঘড়ি প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাই জনমত জরিপে প্রতীয়মান হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্নের আভাস লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত নিয়মে ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সকল কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। 


আসনটিতে- বিএনপির প্রার্থী তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন (হাতপাখা), খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল ঘড়ি), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) প্রতীকে নির্বাচন করছেন। 


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সকল নিরাপত্তা প্রদানে সক্রিয় রয়েছে বিশ্বনাথ থানা পুলিশ এমনটি জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান।