বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ


সিলেটের বিশ্বনাথ পৌরসভার অন্তর্গত শিমুলতলা জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।


সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আন নি'য়ামাহ ট্রাস্ট ইউকের সৌজন্যে মাদ্রাসা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মাদ্রাসা হলরুমে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দের একাধিক ব্যাক্তিকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়।


এসময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আবুল হোসেন বিএসসি'র হাতে গড়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসার বিভিন্ন অসমাপ্ত কাজের জন্য বিত্তবানদের সহায়তা ও মাদ্রাসার শিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার আহবান জানান অনুষ্ঠানে আগত বক্তারা।


মাদ্রাসা শিক্ষক মাওলানা রেজাউল হক রাজুর সঞ্চালনায় সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ৫ জন প্রবাসী ও একজন সাবেক কলেজ অধ্যক্ষকে সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধিত করা হয়।


মাদ্রাসার সাথে উন্নয়ন সহযোগী ও বিভিন্ন সময় সহায়তা প্রদান করে বিশেষ অবদান রাখায় সংবর্ধনা পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বৃটেন সরকারের বিশেষ খেতাব প্রাপ্ত সমাজসেবক ডেপুটি লুটেন্যান্ট আলহাজ মাকরাম আলী আফরোজ, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মানিক মিয়া, লন্ডন প্রবাসী সমাজসেবক আলহাজ্ব মসব্বির আলী, স্পেন প্রবাসী মোঃ নাসির উদ্দীন, যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফারহান আলী ও ফ্রান্স প্রবাসী সমাজসেবক সাইমন উদ্দিন ইমন।


এসময় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক বাবরুল হোসেন বাবুল, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহীন উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ বশির উদ্দিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা ছালিম আহমদ ও সংবর্ধিত ব্যাক্তিগণ।


মাদ্রাসার ছাত্রীদের একাধিক ভাষায় নাশিদ, হামদ্ ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।