বিশ্বনাথ প্রতিনিধিঃ


সিলেটের বিশ্বনাথে ইয়াবা কেনাবেচার সময় ৪ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বিশ্বনাথ পৌর শহরের দূর্য্যাকাপন গ্রামে। বুধবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় ইয়াবা কেনাবেচার খবরে দূর্য্যাকাপন গ্রামের ফটিক মিয়ার বাড়ি ঘেরাও করে  পুলিশে খবর দেয় জনতা। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যাওয়ার সময় চারজনকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌরশহরের ছত্রিশ, হাবড়া বাজার গ্রামের মরম আলীর ছেলে নুরুল আমিন (২০), ইসলাম উদ্দিন’র ছেলে মোঃ নাছির উদ্দিন (২৬), চুরাব আলীর ছেলে মোঃ ফারুক আহমদ (২৬), সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার গনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের লিটন মিয়ার ছেলে সুমন মিয়া (২৪)।

পলাতকরা হলেন, পৌরশহরের দূর্য্যাকাপন গ্রামের আকলুছ আলীর ছেলে ফটিক মিয়া(৪০), সৈরত উল্লাহ’র ছেলে চন্দন আলী (৪৫)।

এসময় ইয়াবা বিক্রেতা ফটিক মিয়া ও চন্দন আলী পালিয়ে যায়। পরে পুলিশ চারজনকে থানায় নিয়ে আসে। আটককৃতরা ইয়াবা ক্রয় করতে সেখানে গিয়েছিলো বলে স্বীকার করছে। আসামীদের সঙ্গে থাকা নীল পলেথিনে মুড়ানো ৫ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ ধারার অপরাধে আসামীদের উপর মামলা করা হয়। মামলা নং: ১ (তাং ০২.০৪.২০২৫)। 

এবিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আসামীদের আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।